একাদশে ভর্তি আবেদনের সার্ভার ও পেমেন্ট জটিলতার সমাধান
গত ২৬ মে সকাল থেকে অনলাইনে শুরু হয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন। আবেদনের সময় সার্ভার ও পেমেন্ট জটিলতায় সমাধানে ভর্তির জন্য সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধের সুবিধা চালু করা হয়েছে। এছাড়াও একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের সময় যারা এসএমএস পাননি এবং লগ ইন করতে পারেননি, তাদেরকে পুনরায় এ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। ভর্তিপ্রক্রিয়া চলবে ১১ জুন পর্যন্ত।
এদিকে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১৬ লাখ ৭২ হাজার শিক্ষার্থীর মধ্যে গত ৭ দিনে প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভালো কলেজ পাওয়ার প্রত্যাশায় আবেদন করেছেন বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার । তিনি জানিয়েছেন, রোববার (২ জুন) রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত আবেদন করেছেন ৯ লাখ ৪৭ হাজার ৬১৫ জন। আবেদনকারীরা সর্বনিম্ন ৫ এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ করার সুযোগ পেয়েছেন। তারা মোট ৫১ লাখ ৭০ হাজার ১২টি পছন্দক্রম জমা দিয়েছেন। আবেদন করা ৯ লাখ ৪৭ হাজার ৬১৫ জনের মধ্যে সফলভাবে ফি পরিশোধ করেছেন ৯ লাখ ৩৪ হাজার ১৫৯ জন। এর আগে গত ৩০ মে পর্যন্ত আবেদন জমা পড়েছিল ৫ লাখ ৬৩ হাজার ৮৩৬টি। সেই হিসাবে গত দুই দিনে প্রায় ৪ লাখ শিক্ষার্থী নতুন করে আবেদন করেছেন। তবে ‘সার্ভার জটিলতার কারণে নির্ধারিত দিন ২৬ মে আবেদন শুরু করা সম্ভব হয়নি। এরসঙ্গে পেমেন্টসহ আরও কিছু জটিলতার অভিযোগ পানা তারা। তবে সেগুলো সমাধান শেষে ২৭ মে থেকে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে আবেদন করতে পারছেন।
এ জন্য ভর্তি নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, গত ২৯ থেকে ৩০ মে তারিখের মধ্যে এসএমএস গেইটওয়ের সমস্যার কারণে যারা সাইন আপ করা সত্ত্বেও এসএমএস পাননি এবং লগ ইন করতে পারেননি, তাদেরকে পুনরায় সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর লগ ইন করার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে রোববার (২ জুন) জানানো হয়, একাদশ শ্রেণিতে ভর্তি ফি পরিশোধে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য এখন থেকে অনলাইনে সহজেই ফি পরিশোধ করা যাবে বলে জানিয়েছে ভর্তি সংক্রান্ত কমিটি।
এতে বলা হয়, আবেদনকারীদের আবেদন ফি পরিশোধ-সংক্রান্ত সমস্যা লাঘবের নিমিত্তে বিকাশের মাধ্যমে সরাসরি আবেদন ফি পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। আবেদন ফি পরিশোধের পর একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেমে লগইন করে পোর্টাল থেকে নিশ্চিত হওয়া যাবে পেমেন্ট সম্পন্ন হয়েছে কি না।
এর আগে সার্ভারে জটিলতার কারণে একাদশ শ্রেণির ভর্তি আবেদন যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী গত ২৬ মে সকাল থেকে ভর্তি আবেদন শুরুর কথা ছিল, তবে সে সময় অনেকে ওয়েবসাইটে প্রবেশে জটিলতায় পড়েন।
পরে ‘লিংক অপশন’সহ অন্য সমস্যার সমাধান করলে আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হয়। আবেদনের পোর্টালে আবেদনকারীর লিংক ভুল দেখানো-সংক্রান্ত একটি ত্রুটি ২৮ মে সকাল ১০টার দিকে সমাধান করা হয়েছে।







